Monday, December 30, 2013

এক পাতার কবিতা

এক পাতার কবিতা // পীযূষকান্তি বিশ্বাস

ওরা বললেন , রক্ত দাও
বললেন, দিল্লি চলো,  স্বাধীনতা দেব ।

এই যে ইন্ডিয়া গেট
আমার দীর্ঘ ছায়া বিকেল গড়িয়ে
আছড়ে পড়ে সন্ধ্যায়
অমর জ্যোতি জওয়ান ।

দুবাহু দুদিকে
নর্থ - সাউথ ব্লক
দেওয়াল জুড়ে ক্ষেত্রফল
মুখস্থ পিথাগোরাসের উপপাদ্য

আঙুলগুলো কেন যে আটকে যায় বারবার
টেবিলে, চেয়ারে
পাশাপাশি, উপর নীচ পেন্সিলে
সমকোনী ত্রিভুজে...


খাতা ছিড়ে বেরিয়ে যায়
এক পাতার কবিতা

Friday, December 27, 2013

কার্টুনের চরিত্র

কার্টুনের চরিত্র / পীযূষকান্তি বিশ্বাস

দীর্ঘশ্বাস নিয়ে একবার অনুভব করে দেখলে
মনে হয়
আমার মাঝেও লুকিয়ে অনেক সৌন্দর্য, চিকনাই
তপ্তবুকে সিক্স-প্যাক
খাইবার গিরিপথ ধরে মার্চ করে আসা
সু-কঠিন মেদহীন জংঘা

অথচ
এই নদির ঢেউ তোলা শরীরে
সাঁতার কাটতে গেলে,
পা টেনে ধরে এক অজানা ঘুর্ণি স্রোত
প্যারেড গ্রাউণ্ড বরাবর হেঁটে যাওয়া
সামরিক কুচকাওয়াজ কখনই মোহন বাশীতে
পা মেলাতে পারেনা

তবুও মাঝে মাঝে করে নিই কদম-বদল
E M I জমা দিয়ে কিনে আনি
L-E-D, ভালোলাগা ডিস এনটেনা, লো করলো বাত ।

এই যে শুনছ ?

টিভির রিমোটটা কেড়ে নিচ্ছ আমার হাত থেকে
আর আমি
চ্যানেল থেকে চ্যানেলে
দৌড়াতে দৌড়াতে
কার্টুনের চরিত্র হয়ে যাচ্ছি ।


১১ -১১- ২০১৩
মহাভীর এনক্লেভ

নববর্ষের প্রথম দিন

নববর্ষের প্রথম দিন // পীযূষকান্তি বিশ্বাস

বৃষ্টি অনেক বৃষ্টি
সদ্য চষা ঢেলায় আনে ধোঁয়া
বৃষ্টি অনেক বৃষ্টি
বাজারে বাজারে আনছে আগুন

বৃষ্টি অনেক বৃষ্টি
ভিজে যাচ্ছি না কেউ
ফ্লাটের ছাদে নেড়ে দেওয়া 
পাঁচ শো, হাজার টাকার বান্ডিল

বৃষ্টি অনেক বৃষ্টি
গ্রাম থেকে শহরে
কঠিন থেকে তরল, তরল থেকে স্রোত
জলের দরে তারা

ঝরে চলেছে প্রবাহ সজ্জায় , বুকে, পিঠে, বগলে
ডিসেম্বর থেকে জানুয়ারী
বিদায়ী থেকে নতুন
পাঁচ তারা দিন থেকে কল সেন্টার রাত
ঘর্মের কণায় কণায় ।

পহেলা জানুয়ারী...
চড়ুইভাতি দিন নদি হয়ে যায় ।




প্রাতঃভ্রমন

প্রাতঃভ্রমন || পীযুষকান্তি বিশ্বাস

কতটা পথ চললে পথিক হওয়া যায়
আর কতটা পেছনে চললে দেওয়াল আসে ?
পায়ে অনেক পথ
পিছনটা কাছে তাই, মার্চ করে এসে
দেওয়ালেই ঠেকালাম পিঠ

আমার রক্তে টহল দিচ্ছে বেল্টধারী সশস্ত্র লোহিত রক্তকণা ,
গলিমুখে মেদ, হৃদয়ের অলিন্দে কোলেস্টরলের জটলা
কারা ভাঙছে অনবরত ট্রাক, লরি, বাস, দোকানের কাঁচ
জ্বালাচ্ছে সরকারি খাতাপত্র
আর মাইকে উগরাচ্ছে গলিত লাভা
রাত্রিজাগা পথকে এঁকে নিচ্ছে পিচুটি
রেটিনার স্থির মানচিত্রে

ঘুম থেকে উঠে
ভোরের হাওয়ায় হেঁটেই দেখিনি অনেকদিন


১৫ -১০- ২০১৩
মহাভীর এনক্লেভ