Thursday, November 7, 2013

ফেসবুক আর্কিটেক্ট

ফেসবুক আর্কিটেক্ট // পী্যুষকান্তি বিশ্বাস

রাতের নক্ষত্রেরা যখন ভিড় করেছে পাবলিক পাবে
অ্যালকোহলের কণা গুলো উদ্বাস্তুর মত তারকাঁটা পার করে 
এসে মিশে যায় সনাতন রক্তে,
পৃথিবীর এই সব বিশালতা, আলো আর আবছায়ে
আমার পিতামহ, প্রপিতামহদের অপার্থিব সংগ্রাম আমার ধমনীতে
আর যত  ছায়াপথের সমষ্টি
জমায়েত হয়ে আমাকে চ্যালেঞ্জ করে ...
আমার দেয়ালে দেয়ালে তারা লিখে যাচ্ছে ভোটের স্লোগান
ট্যাগ করে যাচ্ছে আজ সকাল বিকাল

কি বলছে তারা, স্লোগান, 
বিক্রি করছে ধর্ষণের প্রতিবেদন ?

কিছু তবুও রোম, কিছু কিছু তবুও কিছু চোখের ঝিলিক
আমার পানীয়ের বৈদ্যুতিক রং হয়ে ডুব দিচ্ছে 
ঋনাত্মক আয়ন
আমি তাদের বিভব অনুভব করি  
তাদের চৌম্বক ক্ষেত্রকে আঙুলের গভীরে
অনুভব করতে চেষ্টা করি তাদের মার্কআপ ভাষা
কারা বলছে, দেহ দাও
এগিয়ে দিই বডি
কেউ বলে মাথা দাও
এগিয়ে দিই হেডার
খাবার  টেবিলে টেবিলে অসংখ্য ইঁদুর
তাদেরই কারো এক লেজে বেঁধে দিই এক টুকরো হাইপার টেক্সট ...

এ কোন অনুরণন নয়,  কোন রাষ্ট্রপতির কনভয় নয়, এ এক অন্য প্রটোকল,
এক অনন্য-সাধারণ এক অশরীরী করমর্দন, 
আমি শক্তি পাই, দশ আঙুলে বিছিয়ে দিই আমার অনুভুতি
কোন কবিতা নয়,
নিঃশব্দে ঘটে যায় বিপ্লব...এক সৃষ্টি ।

আন্তর্জালিকা আমার আশে পাশে... আমি এক স্পাইডারম্যান হয়ে যাই
আমি অসীম সাহসে
আমি এক অট্টালিকা থেকে অন্য অট্টালিকা লাফিয়ে যাই
এক শহর থেকে অন্য...
আমি রচনা করি এক বিশ্ব,
আমার আকাশে মেঘেরা এসে খেলা করে
আমার দেয়ালে এসে বৃষ্টিরা কবিতা লেখে

নিয়নের রক্তমাখা আলোক ঠুকরিয়ে
নক্ষত্রেরা আবার ফিরে আসে অন্ধকার রাতের আকাশে... ওরা ফিস ফিস করে কথা কয়
ওরা প্রেম করে...

আমি বুঝি, আমার রক্তে মিশে তারা আমারই প্রেমের কথা বলে ।

No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.