Monday, March 31, 2014

বেলাভূমির প্রেম সিরিজ

প্রেম -১

কবিতা তোমার দোনলা বৃন্তে  কুমারী কুসুম !
আমার ওষ্ঠে তোমার কামঅফলেজ প্রজাপতি
তোমার রহস্যময়ী চোখে কোকোকলা ঝড়
আমার বালিয়াড়ি হৃদয় জুড়ে তুষার বৃষ্টি এনেছে
ক্যা এহি প্যার হে ?
চৈত্রের কোমল বুকে বাসন্তী হরিয়ালী হাতছানি
বেলনা পিষে চলেছে ক্রমাগত অখন্ডমন্ডলম আকরঙ স্থিতিস্থাপক মাটি
হ্যা হ্যা আমি প্রেম করেছি, মাটি, মাটি আমার প্রেম ।

প্রেম-২

এক দু পলক তাকিয়ে গোল গোল চোখ
রক্ত হয়ে গেলে,
আজিমাথে আড়াল হয় রেঞ্জ
শ্যাওলার সবুজ গন্ধ হাঁসেদের কোমল পায়ের পাতায় আটকে
রাডারের স্কোপে ভেসে ওঠে সুন্দর মাংসল অবয়ব
কবিতা, আসলে তোমার লবনাক্ত শব্দেরা আমায় ছুঁতে চেয়েছে
আর পরিবর্তে তোমার ফাটলে আমার শিকড় গুলো ঢুকিয়ে নেব
----------------distort-----------
উদ্ভিদ প্রেমে মেটাতে বাসন্তী যৌবন
ওরা আমার লিংগ বন্ধক নিয়েছে
কুড়ি বছরের বন্ডে সই করে
সেই থেকে,  সৈনিকের ঘরে শতাব্দীর পর শতাব্দী
উপেক্ষিত স্তূপ পাহাড়
শিখরে জমেছে সংগ্রামী সৈন্ধব লবন
বুকে ব্যথা জমে জমে
বিরাট বিস্ফোরক !
হ্যাঁ হ্যাঁ আমি প্রেম করেছি, বারুদ , বারুদ আমার প্রেম ।

প্রেম -৩

আকাশে জ্যোৎস্না রঙ
বারুদের ঢল ,
বাতাসে সাইরেনের সুর
হেঁটে আসে বৈশাখী হাওয়া,
কিছু বেসামাল ঢেউ খেলা বুক
যেখানে ছুঁয়ে গেছে আমার ক্রুসবিদ্ধ হাত

কি দিয়ে বোঝাই আমি, আমি আর আমি নেই
লুন্ঠিত হয়ে গেছে আমার ঈশ্বর হবার ইচ্ছা
নিশাচর অন্ধকার আমার শরীরের প্রতিটা রোমকুপে
প্রেমিকের উলকি এঁকে দিয়ে গেছে

আগুনের ফেনায় ফেনায় আর্দ্র রঙ্গিন ঠোঁটগুলো
হাঁসেদের পায়ে পায়ে ভেসে ভেসে হারিয়ে যায়
দারুচিনি দ্বীপের ভিতর
গায়ের উপর হুমড়ে পড়ে এক হুক খোলা জংলী পৃথিবীর যুবতী শরীর
হটাৎ অগ্নি বৃষ্টি ! এ কি ইউরেকা ?

হ্যাঁ হ্যাঁ আমি সেই প্রেম করেছি, আবিষ্কার, আবিষ্কার আমার প্রেম ।

বেলাভূমি প্রেম-৪

কাদা আর বালির গোপন অঙ্গে যে যৌবন
জলদস্যুরা লুকিয়ে রেখেছিলো
হঠাৎ কোন দুপুরে
সেই উন্মাদনার রং , গুপ্তধন হয়ে
আমার প্রসারিত কপালে উল্কি এঁকে দিয়ে গেলো...

তোমার বুকে থেকে তখন একফোঁটা রক্ত
ঝরে পড়ল পানসীর মাস্তুলে টাঙ্গানো সাদা ছেঁড়া পালে
তোমার ইজ্জত জানি তখন বেসামাল দামাল ছেলেদের হাতে
ওরা তোমাকে বাবুলের কাছে ফিরে যেতে দিলো না
আঁচলে ঢাকতে দিলো না তোমার প্রিয়তম স্বাধীনতার মাটি ।

বেলাভূমি প্রেম-৫


তবুও তারা বয়ে আসে বেরিং প্রনালী,  সুমাত্রা বা জাভা
মারিয়ানা ট্রেঞ্চে আঁটকে যায় অস্ফুট অরগাজম ভাষা
আর
সোনালী বেলাভূমি জুড়ে শব্দ ফুটিয়ে তোলে লবনাক্ত স্বচ্ছ কেলাস
প্রেম
লিখে মুছে ফেলে আবার
প্রেমিক বালুকাবেলা ।

হ্যা হ্যা আমি সেই প্রেম করেছি, কবিতা, কবিতা আমার প্রেম ।

No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.